১৬/৭/১১

৬২

মরসুম শেষ,
আগলানো মাচানে শুয়ে আছে শেষ লতা
ধোঁয়াওঠা সুখের অসহ্য বক্রতায় আঁকাবাঁকা
পুনরায় প্রস্থানের শর্তে
তার কাছে ফিরে গেছি

৬১

হয়তোবা
খুঁত ছিল রোদের বাহুতে, তবু সে এলানো আমার পাঁজরে,
প্রুশিয়ান সভ্য আর্তনাদে বন্দোবস্ত বাঁধা ছিল
সেই ঘাটে, প্রাগৈহাসিক থেকে যা কি-না নেই কোনদিন,
আবারও বলি একাকীত্ব ভালো আছে ভরপুর পৃষ্ঠায়


৬০

ফুলের ওইপাড়ে ফুটে আছে অন্ধকার
ভুলে যেতে পারি, থেমে যেতে পারি
আকাশকে ছেড়ে যেতে পারি
ভুলে যেতে পারি আমি এই পৃথিবীর সন্তান
তবু বন্ধ্যা আষাঢ়ের বিকেলে আমি সুখী