২৮/৯/১০

৩৮

ভেঙ্গে পড়া নতুন এক ছাউনীর তলায়
বৃষ্টির থেমে যাওয়া দেখি
আর নিজের অনুপস্থিতি গিলে ফেলি,
কোত্থেকে প্রকান্ড এক শূন্য
রুমালের ভেতর লটকে
চটকে গেছে পেছনের পকেটে
আর লেগে লেগে ঝুলছে যৌবন,
এরপরও কর্পোরেট দালানগুলোর পাশে
সম্পূর্ণ একা অবস্থায় দাঁড়াতে দাঁড়াতে
শিউরে উঠছি শীতাতপ নিয়ন্ত্রণের ঢাউস চিৎকারে,

কবুতরগণ আজকাল মোটামুটি সুখী
পেটের উপর পরিচয় ঝুলিয়ে
ধীরে ধীরে উঠে যায় বারান্দায়
রাস্তায় দাঁড়িয়েই চা খেতে খেতে
আর বিজ্ঞজনের বকবক শুনতে শুনতে দেখি
সবথেকে বিরক্তিকর লোকটার মুখে
দু'নম্বর সিগ্রেট ।।

1 টি মন্তব্য: