পড়শু সন্ধ্যেবেলা
আমি, আর সব মানুষ মিলে আকাশে তাকিয়েছিলাম
সবচাইতে প্রতিথযশা পাগল, সে-ও
বলা নেই কওয়া নেই কেবল কাঁদল
গাঢ় এক কবি ঠিক যেভাবে হাসে;
আজ ভোরেও দেখি হাজার হাজার কাক
সে কি বিশ্বাস !
ডানা ধরাধরি করে বসে থাকে জানলার অল্প দূরে
আমি ভান করি একটু মানুষ !
আড়মোড়া ভাঙ্গি মুখে-চোখে জল
রোদে যদি ভেসে যায় সমস্ত ঘর !
মনে পড়ে অকারণ
বিস্মৃত সহস্র স্বজন
কেঁপে কেঁপে গানের ফাঁকে দুঃখ লিখি
কেননা কর্তিত ঘাস আর কৃষ্ণচূড়া এত বেশি !
এত বেশি সুখ, যে অপরাধী লাগে
এত বেশি ভাল থাকা, যে কান্না পায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন