এবার সত্যি সত্যি হাঁটু মুড়ে বসে যাব
কেউ একজন দেখুক খুব উঁচুতে দাঁড়িয়ে
ভাবনাগুলো, অন্য মানুষের ছাদ এতকাল দেখেছি কেবল
নির্মাণাধীন ভবনের ধুলো, পুরাতন দেয়ালের ভেঙে পড়া,
ছাদে বসে বহু দূরে ঝাপসা হতে থাকা দালানগুলোর ডাক
শুনতে শুনতে শিখে নিয়েছি -
কথার ভেতর কুয়াশা থাকা কতটা জরূরী,
না হলে গা থেকে ঝুলে থাকে অসভ্য ক্লান্তির নগ্নতা,
এই হল এখনকার বিকেল
আমি ঝুলে যাব দ্বিতীয় এবং চতুর্থ তলার মাঝামাঝি
কোন এক নাটকের যে কোন সংকটকালীন মুহূর্তে, পুনঃপ্রচারে
স্বার্থপর, অসম্পূর্ণ এবং ভিত্তিহীন এক সত্যের আঁকশি বেয়ে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন