১৪/১১/১০

৪১

খুব ধুলো আর অসম্ভব সব মেঘ গায়ে জড়াতে জড়াতেই
কষ্ট ধরা পড়ল বুকের তলায়, বাসেই চড়তাম তবু
উঠি উঠি করি রিকশায়, হেঁটে গিয়ে মানুষের ভীড়ে গেঁথে থাকি
কত বিশাল সব মুখ আর দাঁত,
সমান্তরাল হলুদ সব বিন্দুগুলোর ভেতর আর
যন্ত্রণার সাথে বিশ্রীভাবে মিশে ছিল হয়রানি
বিব্রত ভঙ্গীতেও দাঁড়াতে দিচ্ছিলনা, দেবেও না -
এই তো অল্প আগে ছেড়ে-ছুঁড়ে এসেছি সব
গাণিতিক সুখ দুঃখের ফর্দ হাতে বেড়াতে প্রবৃত্তি নেই তাই
হয়তোবা খারাপই লাগছে, লাগে

পথে পড়েছিল দুটো বৃক্ষ, একটি ভরপুর অন্যটি মৃত
তার মধ্য দিয়েই অনবরত ঝরতে থাকা ধুলো
আর বাকল, আর পাতা, পুনরায় ধুলো
কোনটা সুখ, বাকীটা দুঃখ, ছিলে যাওয়া ত্বকের মিনিবাস
আর ভেতরটা, খালি খালি খালি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন